আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার আহ্বান
প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে শনিবার রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াছিননগর গ্রামে “ইয়াছিননগর জুবিলি সরকারি প্রাথমিক বিদ্যালয়” এর শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও নানা বৈচিত্র্যের উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে এই আহ্বান জানান তিনি।
কোভিড স্বাস্থ্য বিধি মেনে ৫০জন শিক্ষার্থী এসব উপহার সামগ্রী গ্রহণ করে। এসব সামগ্রীর মধ্যে রয়েছে স্কুল ব্যাগ, পরিবেশ বান্ধব পানির বোতল, ছাতা এবং মাস্ক।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, “করোনার সময়ে সরকার ঘোষিত সকল স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। বাসাবাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দূষন মুক্ত রাখতে হবে। যেখানে সেখানে বর্জ্য ফেলা যাবে না। ঘরে বসে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে। প্রকৃতির সঙ্গে অবিচ্ছিন্ন সম্পর্ক রেখে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে। প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী প্রজন্মকে বিজ্ঞান মনস্ক হয়ে গড়ে তুলতে হবে। মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি আনুগত্য ও নৈতিকতায় সমৃদ্ধ জীবন গড়ে তুলতে হবে, নতুবা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি অর্থহীন হয়ে যাবে।” এর আগে মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কোভিড সুরক্ষা সামগ্রী হিসেবে হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার, রাউজান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এসব সামগ্রী গ্রহণ করেন।